Header Ads

Header ADS

হাজার বছরের পুরনো বিপুল স্বর্ণমুদ্রার সন্ধান

 

বিদেশ ডেস্ক ।। প্রায় এক হাজার একশ’ বছর আগে মাটির পাত্রে পুঁতে রাখা ৪২৫টি স্বর্ণমুদ্রার সন্ধান পেয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় ইসরায়েলের কেন্দ্রস্থলে প্রাক ইসলামি যুগের এসব মুদ্রার সন্ধান পাওয়া যায়। আব্বাসীয় খিলাফতের সময়কালের এসব মুদ্রার মালিক কে ছিলেন আর কেনই বা তিনি সেটি পরে তুলে নেননি সেই রহস্যের মীমাংসা এখনও হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


সন্ধান পাওয়া স্বর্ণমুদ্রাগুলো প্রাক ইসলামি যুগে অর্থের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো। ওই সময়ে বর্তমান ইসরায়েলের কেন্দ্রস্থল ছিল আব্বাসীয় খেলাফতের অধীনে। সন্ধান পাওয়া মুদ্রাগুলোর মোট ওজন ৮৪৫ গ্রাম। এই পরিমাণ অর্থ দিয়ে আব্বাসীয় খেলাফতের অধীনস্থ যেকোনও শহরেই একটি বিলাসবহুল বাড়ি কেনা যেতো।


প্রত্নতাত্ত্বিক খনন কাজের সময় একদল তরুণ স্বেচ্ছাসেবক ওই স্বর্ণমুদ্রা রক্ষিত মাটির পাত্রটির সন্ধান পেয়েছেন। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক হাজার একশ’ বছর আগে যে ব্যক্তি এই গুপ্তধন পুঁতে রেখেছিলেন তিনি অবশ্যই পরে এটি ফিরে পাওয়ার আশা করেছিলেন, আর এমনকি পাত্রটি সুরক্ষিত রাখতে তিনি কাঁটা বিছিয়ে রেখেছিলেন, যাতে এটি সরানো না যায়।’


খননকাজের পরিচালক লিয়াত নাদাভ-জিব এবং এলিয়ে হাদাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা খুঁজে পাওয়ার ঘটনা অতি বিরল। আমরা প্রায় কখনোই প্রত্নতাত্ত্বিক খননে এত পরিমাণ মুদ্রা একসঙ্গে পাইনি। এই পরিমাণ স্বর্ণ সব আমলেই খুব মূল্যবান, গলিয়ে ফেলে এসব স্বর্ণ প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করতে পারে।’


স্বর্ণমুদ্রা রক্ষিত পাত্রটির প্রথম সন্ধান পান ইসরায়েলি তরুণ ওজ কোহেন। তিনি বলেন, ‘এটা বিস্ময়কর। মাটি খুঁড়ছিলাম আর হঠাৎ তা সরাতেই যা দেখতে পেলাম তাতে পাতার মতো পাতলা কিছু মনে হলো। পরে ভালো করে তাকিয়ে দেখি এগুলো স্বর্ণমুদ্রা।’


মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল বলেন, পাত্রটি স্বর্ণের দিনারে ভর্তি হলেও সেখানে ২৭০টি ছোট স্বর্ণের টুকরা রয়েছে। এসব টুকরা খুচরা দিনার হিসেবে ব্যবহার হতো। তিনি আরও জানান, এ ধরনের খুচরা স্বর্ণের মুদ্রা কন্সটান্টিপোলে বাইজেন্টাইন সম্রাট থিওফিলিসের আমলে ব্যবহারের কথা জানা যায়। ফলে নতুন এই আবিষ্কারের মধ্য দিয়ে ওই সময়ের দুই প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মধ্যে চলমান সম্পর্কের প্রমাণ পাওয়া যায়।


No comments

Powered by Blogger.