Header Ads

Header ADS

পুতিনবিরোধী নেতার পোশাকে মিলেছে রাসায়নিক


বি‌দেশ ডেস্ক ।। সাইবেরিয়ার হাসপাতালে কোমায় থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনির পোশাক ও আঙুলে শিল্প কারাখানায় ব্যবহৃত রাসায়নিক পদার্থ পাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তার দেহের অভ্যন্তরে এখন পর্যন্ত কোনও বিষাক্ত পদার্থের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সাইবেরিয়ার হাসপাতালটির প্রধান চিকিৎসক আলেক্সান্ডার মুরাকোভস্কি বলেছেন, হঠাৎ করে শরীরে ব্লাড সুগারের পরিমাণ কমে যাওয়ায় অসুস্থ হয়ে থাকতে পারেন নাভানলি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক নাভালনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে একটি ফ্লাইটে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাশ অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। ওমস্ক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম ফুসফুস ভেন্টিলেটরের সহায়তায় আলেক্সাই নাভালনি টিকে রয়েছেন বলে জানিয়েছেন ইয়ারমাশ। এমন অবস্থায় নাভালনিকে চিকিৎসা দিতে তাকে বার্লিনের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে জার্মান এনজিও ‘সিনেমা ফর পিস’। তাকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনাও দিয়ে ফেলে। এমন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর অসুস্থ নাভালনিকে সরানো যাবে না। নাভানলির স্ত্রী ইউলিয়া ও তার মুখপাত্র কিরা ইয়ারমাশের অভিযোগ ক্রেমলিনের চাপে ডাক্তাররা তাকে জার্মানিতে নিতে বাধা দিয়েছেন। সাইবেরিয়ার হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়াই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করে তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে নাভানলির জীবন সংকটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ওই অভিযোগের মধ্যে সাইবেরিয়ার হাসপাতালটির উপপ্রধান আনাতোলি কালিনিশেনকো এক ব্রিফিংয়ে জানান, আলেক্সাই নাভানলির শরীরে বিষের কোনও অস্তিত্ব মেলেনি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত রক্ত ও মূত্রতে কোনও বিষ শনাক্ত করা যায়নি, এর উপস্থিতির কোনও চিহ্ন নেই।’ তার শারিরীক অবস্থার সামান্য উন্নতিও হয়েছে বলেও জানান তিনি। পরে হাসপাতালটির প্রধান চিকিৎসক আলেক্সান্ডার মুরাকোভস্কি জানান, ৪৪ বছর বয়স্ক আলেক্সাই নাভানলির পোশাক ও আঙুলে শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক পাওয়া গেলেও তার শরীরের অভ্যন্তরে এখন পর্যন্ত পদার্থটির অস্তিত্ব শনাক্ত করা যায়নি। তিনি বলেন, ‘আজ আমরা রোগ নির্নয়ের কিছু কাজ করেছি। মূল যেটি পাওয়া গেছে... সেটি হলো মেটাবোলিক ডিজঅর্ডার (রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া থেকে সৃষ্ট পরিপাক সংক্রান্ত জটিলতা)।’ তিনি বলেন, ‘নাভানলি বর্তমান পরিস্থিতির জন্য সম্ভবত দায়ী আকস্মিকভাবে রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া।’ সূত্র:  Bangla Tribune

No comments

Powered by Blogger.