সংঘর্ষে ছেলেসহ দু’জনের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু
শেরপুর ।। শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ইউপি সদস্যসহ দু’পক্ষের দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও কয়েকজন।
এদিকে ওই ইউপি সদস্যের মৃত্যুর খবর শুনে ব্রেইন স্ট্রোকে মারা গেছেন তার মা।
বুধবার (২৬ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন (৫৮) এবং পশ্চিম রাজনগর গ্রামের রিয়াজুল (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রাম সংলগ্ন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের বেশ কিছু জমি নিয়ে জিয়াউল ও ইয়াদ আলীর গংদের মধ্যে বিরোধ চলছে।
এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে জিয়াউলদের দখলে থাকা জমিতে জিয়াউল ও তার লোকজন রোপা আমন ধানের চারা রোপণ করছিলেন।
এসময় প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার লোকজন লাঠিসোটা নিয়ে জিয়াউলদের ওপর হামলা করেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কয়েকজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় জিয়াউলের মামা জয়নাল আবেদিন এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের ব্যবধানে তাদের মৃত্যু হয়।
এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদিনের মৃত্যুর সংবাদ শুনে আগে থেকেই অসুস্থ থাকা তার বৃদ্ধা মা ব্রেইন স্ট্রোকে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: বাংলানিউজ

No comments