Header Ads

Header ADS

২০ বছর কনডেম সেলে থাকার পর খালাস পেলেন ফাঁসির আসামি

 

খুলনা ।। মামলা প্রমাণিত না হওয়ায় ২০ বছর কনডেম সেলে থাকার পর ফাঁসির আসামি খুলনার জেলার নারিকেলি চানপুরের বাসিন্দা জাহিদ শেখকে খালাসের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৯৭ সালে বাগেরহাটে নিজ বাড়িতে জাহিদ শেখের স্ত্রী রহিমা ও তার মেয়ে রেশমা খাতুন খুন হন। পরে রহিমার বাবা মো. ময়েন উদ্দিন শেখ বাগেরহাটের ফকিরহাট থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি হিসেবে জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। পরে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষে আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়।

এরপর ২০০৪ সালে নিম্ন আদালতের মৃত্যু দণ্ডাদেশ অনুমোদনের শুনানির জন্য তা (ডেথ রেফারেন্স) হাইকোর্টে আসে। শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এদিকে ২০০৭ সালে মামলাটি আপিল বিভাগে আসে। দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি প্রধান বিচারপতির নজরে আসে। এরপর থেকেই মামলাটির শুনানি শুরু হয় এবং শুনানিতে মামলাটির বিভিন্ন অসঙ্গতি প্রকাশ পায়। যার পরিপ্রেক্ষিতে জাহিদ শেখকে খালাস দেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন আপিল বিভাগ।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.