Header Ads

Header ADS

মাহাথিরের নতুন দল ‘পেজুয়াং’


বি‌দেশ ডেস্ক ।। নতুন করে গঠিত রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নতুন ওই দলের নাম 'পেজুয়াং' যার অর্থ যোদ্ধা।


বুধবার নিজের জনপ্রিয় ব্লগে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন মালয়েশিয়ার রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যাক্তিত্ব মাহাথির।


তিনি বলেন, দুর্নীতি দেশকে ধ্বংস করে। মালয়েশিয়াকে সচেতন করার লক্ষ্যে আমাদের নতুন দলটি গঠন করা হয়েছে। নতুন দলের নাম প্রকাশের পরে টুইটারে এ নিয়ে একটি কবিতা লেখেন তিনি।


তিনি লেখেন, 'দুর্নীতি আমাদের জাতিকে ধ্বংস করছে, দুর্নীতি মালয়দের ধ্বংস করছে। আপনি যদি অবস্থান ও অর্থ চান, তাহলে অন্য দলে যান। আপনি যদি নিজের মর্যাদা ফিরিয়ে নিতে এবং আমাদের অধিকার রক্ষা করতে চান, তবে আমাদের দল বেছে নিন, পেজুয়াং নির্বাচন করুন।'


অন্যদিকে বুধবার মালয়েশিয়ার পেরাক রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে ড. মাহাথির মুহাম্মদ বলেন, 'আমরা মালয়দের বিভক্ত করতে চাই না, তবে আমরা চাই মালয়দের পক্ষে লড়ার জন্য তাদের একটি দল থাক। এই দল দেশের দুর্নীতি পরিষ্কার করার জন্য। আমরা এর নাম দিয়েছি পার্টি পেজুয়াং তানাহ এয়ার।'


রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন ও আলোচনা-সমালোচনা পেছনে ফেলে গত শুক্রবার আবারও নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন এ রাজনীতিবিদ।


২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে নিজের গড়া একটি দল থেকে বরখাস্ত হওয়ার কয়েক মাস পর এ সিদ্ধান্ত নেন তিনি।


৯৫ বছর বয়সী মাহাথির ২০১৬ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে পার্টি প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রতিষ্ঠা করেন। তিনি নিজে দলটির চেয়ারম্যান হন এবং মুহিউদ্দিনকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন।


এ বছরের শুরুর দিকে, পিপিবিএম দলের মধ্যে এক বিরোধের জেরে মুহিউদ্দিন বিরোধী দলের সাথে পিএন জোট গঠন করেন এবং মাহাথির ও তার সাথে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। মাহাথির এবং অন্য সাংসদদের দলের সদস্যপদ বাতিলের বিষয়ে দায়ের করা মামলা হাইকোর্ট খারিজ করার পরে মাহাথির নতুন দল গঠনের এ সিদ্ধান্ত ঘোষণা করলেন।

No comments

Powered by Blogger.