চাঁদপুর শহর রক্ষা বাঁধে অাবারও ভাঙন
চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত ১০টার পর হঠাৎকরে শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভার ২৫ মিটার এলাকায় ভাঙ্গন দেখা দেয়। এতে মেঘনার ভাঙনের ঝুঁকিতে রয়েছে পুরো এলাকা।
ভাঙন আতংকে স্থানীয় বাসিন্দারা মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার জানান, বুধবার রাত ১০টার পর পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, এন এস আই এর চাঁদপুরের উপ-পরিচালক আজিজুল হক, পৌর পরিষদের প্যানেল মেয়র সিদ্দিক রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ, মডেল থানার তদন্ত ওসি হারুনুর রশীদ, অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজী, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেকসহ আরো অনেকে।
রাত পৌনে বারোটার সময় পুরান বাজার হরিসভা ঠোডা এমন স্থানে থাকা বিদ্যুতের খুঁটি ধসে পড়ে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ২৫ মিটার শহর রক্ষা বাঁধের ব্লক দেবে গিয়ে এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়। পুরানবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

No comments