চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবাসহ আটক ২
কুমিল্লা ।। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চৌদ্দগ্রামের কাশিপুর এলাকার ফুড প্যালেসের সামনের চেকপোস্ট এ অভিযান পরিচালনা করে কুমিল্লা
র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) ও হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে মো. শাকিল খাঁন (১৯)।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে চৌদ্দগ্রামের ফুড প্যালেসের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাংলানিউজ

No comments