Header Ads

Header ADS

নরসিংদীতে নিখোঁজ চাচি-ভাতিজির মরদেহ উদ্ধার


নরসিংদী ।। নরসিংদীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর ডোবা থেকে সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ ও হাফসা আক্তার নামে তার দেড় বছর বয়সী ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৬ আগস্ট) জেলা শহরের বিলাসদীর আল্লাহ চত্বর এলাকায় রেল লাইনের পাশের একটি ডোবা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ওই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা ও জহিরুল ইসলামের মেয়ে হাফসা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট (শুক্রবার) সকালে দেবরের মেয়ে হাফসাকে কোলে নিয়ে হাঁটতে বের হন গৃহবধূ সেলিনা। এরপর তারা আর ফেরেননি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে তাদের কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।



রোববার দুপুরে বাড়ি থেকে ৪০০ গজ দূরের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে লোকজন ডোবায় কচুরিপানার ভেতর মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।  


পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিনা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন। হাঁটতে বের হয়ে তিনি রেল লাইন, ডোবা বা পুকুর থেকে বিভিন্ন ধরনের শাক-লতাপাতা সংগ্রহ করে আনতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ওই নারী ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।


সূত্র: বাংলা‌নিউজ২৪

No comments

Powered by Blogger.