করোনায় ও উপসর্গ নিয়ে তিন জেলায় ১৬ জনের মৃত্যু
দেশ ডেস্ক ।। করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে তিন জেলায় ১৬ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লাতেই একদিনে ১০ জন মারা গেছেন। পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হলো।
কুমিল্লা: কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী। সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান। কুমেক হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৩ জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানান, কুমিল্লায় এই পর্যন্ত ছয় হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৩ জন এবংমারা গেছেন ১৫৬ জন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন। তারা হলেন, হরিপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ ও বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মনিরুজ্জামান (৩৩)। রবিবার রাতে আব্দুর রউফের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর সোমবার সকালে তিনি তার বাসায় মারা যান। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা ডা, আবুল কাশেম জানান, মনিরুজ্জামান জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে পাঠানে হয়। সেখানে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
বগুড়া: বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারি নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল জানান, নওগাঁ সদরের পারনওগাঁর আবদুল হান্নান হাসান (৫২) করোনা উপসর্গ নিয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরের দিন রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাতে মারা যান। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন সূত্রে জানা গেছে, শহরের মধ্য কাটনারপাড়ার শিউলী ইসলাম (৪৮) করোনা উপসর্গে আক্রান্ত হন। ৫ আগস্ট নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। ১৩ আগস্ট মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট রাতে মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শামসুদ্দিন (৫৫) ও বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার আবদুস সামাদ (৭০)। সূত্র: Bangla Tribune

No comments