Header Ads

Header ADS

স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প


বি‌দেশ ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনা করছেন।

শনিবার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


কয়েকদিন আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন।

“মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী তার (স্নোডেন) সঙ্গে ন্যায্য আচরণ করেনি বলে অনেকে মনে করেন,” বলেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে এনএসএ’র বিস্তৃত নজরদারি সংক্রান্ত গোপন গোয়েন্দা নথি গণমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়া স্নোডেন পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।


২০১৩ সালে তার নথি ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল।

মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই স্নোডেনকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার চেষ্টা করছে।

রয়টার্স বলছে, স্নোডেনকে নিয়ে ট্রাম্পের এখনকার অবস্থানের সঙ্গে কয়েক বছরের অবস্থানের আকাশ পাতাল তাফাৎ দেখা যাচ্ছে।


গোপন নথি ফাঁসের পরপরই ট্রাম্প স্নোডেনকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন।

এনএসএর পলাতক গোয়েন্দা বিশ্লেষককে ‘গুপ্তচর’ অ্যাখ্যা দিয়ে ‘তার ফাঁসি হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

স্নোডেনকে ক্ষমা করা হতে পারে কিনা, শনিবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন , “ব্যাপারটা খতিয়ে দেখা শুরু করেছি আমি।”

যুক্তরাষ্ট্রের বাম ও ডান মতাদর্শের রাজনীতিকরা স্নোডেনের ব্যাপারে দ্বিধাবিভক্ত বলেও ধারণা তার।


“অনেকে মনে করেন, তার সঙ্গে ভিন্ন আচরণ করা উচিত ছিল। অন্যরা মনে করেন, তিনি খুবই খারাপ কাজ করেছেন,” বলেন ট্রাম্প।

মার্কিন এ প্রেসিডেন্ট এর আগে নানান ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) শীর্ষ কর্মকর্তাদেরও কঠোর সমালোচনা করেছিলেন। বৃহস্পতিবারও তিনি তারই নিয়োগ দেওয়া এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে’কে একহাত নিয়েছেন।


গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্নোডেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ, আত্মজীবনীভিত্তিক বই ‘পারমানেন্ট রেকর্ডে’ স্নোডেন এমন সব কথা লিখেছেন, যা তার সঙ্গে হওয়া ‘ননডিসক্লোজার চুক্তির’ লংঘন।


বইটি প্রকাশের আগে স্নোডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তা পর্যালোচনা করার সুযোগ না দিয়েও নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ মার্কিন বিচার বিভাগের। বিভিন্ন সময়ে দেওয়া ভাষণেও স্নোডেন ‘ননডিসক্লোজার চুক্তি’ ভেঙেছেন, বলছে তারা।


সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments

Powered by Blogger.