Header Ads

Header ADS

পাপিয়া ও তার স্বামী রিমান্ড শেষে কারাগারে


দেশ ডেস্ক ।। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসদ উর রহমান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।


আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে র‌্যাব। এই সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে শেরেবাংলা নগর থানার মামলার রিমান্ড শেষে বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে বলে একটি অবহিতপত্র দাখিল করে তদন্ত সংস্থা র‌্যাব। এই দুই মামলায় গত ১১ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত আসামিদের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে করোনার কারণে তখন তাদের রিমান্ডে নেওয়া হয়নি।


প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালটাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চার জনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

সূত্র:  Bangla Tribune


No comments

Powered by Blogger.