বাইডেনের রানিং মেট ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস
বিদেশ ডেস্ক ।। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভুত সিনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
এক টুইট বার্তায় বাইডেন জানিয়েছেন, নাম্বার টু হিসেবে হ্যারিসকে বেছে নেওয়া তার জন্য বিরাট সম্মানের। আর কমলা হ্যারিস লিখেছেন, বাইডেন আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ সারাজীবন ধরেই তিনি সবার জন্য লড়াই করেছেন। প্রেসিডেন্ট হিসেবেও এমন আমেরিকান গড়বেন যা সবার জন্য আদর্শ হবে।
ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি।
৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবারও ট্রাম্পের রানিং মেট থাকবেন। ৭ অক্টোবর মাইক পেন্সের সঙ্গে বিতর্কে মুখোমুখি হবেন কমলা হ্যারিস।
৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নারী যিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দল ডেমোক্র্যাট থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন

No comments