রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ ।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় লিমন মিয়া (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে নিহত লিমনের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত লিমন রূপগঞ্জ উপজেলার কালোনি এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে লিমন তার মোটরসাইকেল চালিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার থেকে নিজ বাড়ি কালোনি এলাকায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি কালোনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ক্যাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে লিমনের মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থী লিমন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে অবরোধ করে গাড়িতে ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।
সূত্র: বাংলানিউজ

No comments