Header Ads

Header ADS

১৬৭ দিন পর ফিরলো ফরাসি লিগ


স্পোর্টস ডেস্ক ।। করোনাভাইরাসের কারণে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যায়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা শেষ না হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন। করোনার কারণে সবার আগে লিগ শেষের ঘোষণা দেওয়া ফরাসি লিগ নতুন মৌসুম কিন্তু শুরু করেছে সবার আগে। ১৬৭ দিন পর ফিরেছে লিগ ওয়ান। ইউরোপের অন্য চার শীর্ষ লিগ- প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’ ও বুন্দেসলিগা পুনরায় চালু করে শেষ করেছে মৌসুম। ফরাসি লিগ কর্তৃপক্ষ অবশ্য কোনও ঝুঁকি নিতে চায়নি। অন্য দেশের ফুটবল মাঠে ফিরলেও তারা বন্ধ ঘোষণা করে। গত এপ্রিলে শেষবার মাঠে গড়িয়েছিল ২০১৯-২০ মৌসুমে খেলা। যেহেতু আগেভাগে লিগের ইতি টেনে দিয়েছিল, তাই ফেরার যাত্রায় তারাই অগ্রগামী। শুক্রবার রাতে বোর্দে-নঁতে ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফরাসি লিগের ২০২০-২১ মৌসুম।


যদিও সূচি অনুযায়ী, মৌসুম শুরুর হওয়ার কথা ছিল অলিম্পিক মার্শেই ও সেন্ত এতিয়েনের ম্যাচ দিয়ে। কিন্তু মার্শেইয়ের চার খেলোয়াড় করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়। ফরাসি লিগ কর্তৃপক্ষ সব ক্লাবকে জানিয়ে দিয়েছে, কোনও ক্লাবে তিনজনের বেশি খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে ওই ক্লাবের খেলা স্থগিত করা হবে। শুক্রবার রাতে বোর্দে আতিথ্য দিয়েছিল নঁতেকে। ২০ মিনিটে মেহদি জেরকেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। বাকি সময়টা একজন কম নিয়ে খেললেও নঁতেকে কোনও গোল করতে দেয়নি তারা। তাই ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুটা হয়েছে গোলশূন্য ড্র দিয়ে। এই ম্যাচে গোটা ৯০ মিনিটে মাত্র একটি শটই এসেছে ডি বক্সের ভেতর থেকে। ২০০৬-০৭ মৌসুম থেকে চালু হওয়া পরিসংখ্যান বলছে, এটাই লিগ ওয়ানে ডি বক্সের ভেতর থেকে সর্বনিম্ন শটের রেকর্ড। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই এই মুহূর্তে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। আগামীকালের (রবিবার) ফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিনিউখ। চ্যাম্পিয়নস লিগ মিশন শেষে ২৯ আগস্ট লিগ ওয়ানের দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামবে প্যারিসের ক্লাবটি।      সূত্র:Bangla Tribune

No comments

Powered by Blogger.