অামেরিকার লুইজিয়ানায় পুলিশের গুলিতে অাবারো কৃষ্ণাঙ্গ নিহত
বিদেশ ডেস্ক ।। অামেরিকায় পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্দোলন চলার মধ্যেই এবার লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে ওই ব্যক্তি ছুরি হাতে একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গুলি করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সে ঘটনার রেশ না কাটতেই এবার লুইজিয়ানায় পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে।
লুইজিয়ানা পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে লাফায়েট্টে পুলিশ বিভাগের কর্মকর্তাদের একটি দোকানে ডাকা হয়। অভিযোগ করা হয়, ছুরি হাতে এক ব্যক্তি ঝামেলা করছে। পুলিশ সদস্যরা তার সামনাসামনি হলে সে পালিয়ে যায়। ঘটনাস্থলে টেজার মোতায়েন করেছিল পুলিশ সদস্যরা, তবে সেগুলোর কার্যকারিতা ছিল না।’ বিবৃতিতে আরও বলা হয়, পরে ছুরি হাতে অন্য একটি দোকানে প্রবেশের চেষ্টা করছিলো ওই ব্যক্তি। পরে তাকে গুলি করে পুলিশ। আহত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনও পুলিশ কর্মকর্তা হতাহত হননি। এ গোলাগুলির দৃশ্যটি একটি ভিডিওতে ধারণ করা হয়েছে। এরইমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তা।
নিহত কৃষ্ণাঙ্গের নাম ট্রেইফোর্ড পেলেরিন। তার বয়স ৩১ বছর। লুইজিয়ানা অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, লাফায়েট্টে পুলিশ বিভাগ তাদেরকে এ ঘটনায় তদন্ত করতে বলেছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে এ নিয়ে লাফায়েট্টে পুলিশের গুলিতে বিদ্ধ হওয়া তৃতীয় ব্যক্তি পেলেরিন। গত মাসে লাফায়েট্টে পুলিশের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়। আর এ মাসের শুরুর দিকে চুরির ঘটনায় তদন্ত করার সময় গুলি করা হয় আরেক ব্যক্তিকে।
আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একে ‘কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওপর পুলিশি সহিংসতার ভয়াবহ ও মারাত্মক চিত্র’ বলে উল্লেখ করেছে তারা।
সূত্র: বাংলা ট্রিবিউন

No comments