Header Ads

Header ADS

ভিকারুননিসার অধ্যক্ষের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন

 

বি‌দেশ ডেস্ক ।। করোনা দুর্যোগের সময় শিক্ষার্থীদের কাছ থেকে চাপ দিয়ে টিউশন ফি আদায় না করার সরকারি নির্দেশনা থাকলেও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত একসঙ্গে তিন মাসের বেতন, দ্বাদশ শ্রেণিতে ভর্তিসহ একমাসের বেতন ও অন্যান্য ফি একসঙ্গে আদায় করছে। প্রত্যেক  শিক্ষার্থীর কাছ থেকে ৭ থেকে ৮ হাজার ৪০০ টাকা একসঙ্গে আদায়ের প্রতিবাদে সোমবার (১৭ আগস্ট) বিইলি রোডের মূল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছেন অভিভাবকরা।


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত নোটিশে দেখা গেছে, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত এপ্রিল থেকে জুন মাসের বেতন ও অন্যান্য ফি ১৩ আগস্টের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।  একইসঙ্গে একাদশের শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে ভর্তি, জুলাই মাসের বেতন ও অন্যান্য ফি একই সময়ের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অভিভাবকরা জানান, প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির টিউশন ফি এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা। একজন শিক্ষার্থীর জন্য তিন মাসে টিউশন ফি দিতে হবে মোট ৩ হাজার ৯০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা। এছাড়া অদৃশ্য ফিসহ শিক্ষার্থীপ্রতি ৭ হাজার থেকে ৮ হাজার টাকা বেশিরভাগ অভিভাবকের পক্ষে একসঙ্গে দেওয়া সম্ভব নয়। করোনা দুর্যোগের সময় শিক্ষা মন্ত্রণালয় একবারে চাপ দিয়ে টিউশন ফি আদায় করতে নিষেধ করলেও অধ্যক্ষ তা না মেনে একসঙ্গে নেওয়ার নোটিশ করেছেন। যারা বেতন ও ফি দিতে পারবেন না, তারা অনলাইন ক্লাসে অংশ গ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতির মুখে আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে। 


এদিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ও একমাসের বেতনসহ নেওয়া হচ্ছে ৮ হাজার ৪০০ টাকা। এর মধ্যে রয়েছে টিউশন ফি ২ হাজার ১০০ টাকা, সেশন চার্জ ৩ হাজার টাকা, উন্নয়ন চার্জ ১ হাজার টাকা, পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা, খেলাধুলাসহ  বছরের ক্রীড়া প্রতিযোগিতা বাবদ ২০০ টাকা, ম্যাগাজিন বাবদ ১০০ টাকা, মিলাদ ফি ১০০ টাকা, ফেস্টিভ্যাল ও কালচারাল ফি ৩০০ টাকা এবং বিবিধ ১০০ টাকা। মানববন্ধন ও সমাবেশে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন— ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুজন, অভিভাবক শাহিনুল আলম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, শেখ জিয়াউর রহমান, সায়ার জাহান চৌধুরী, শাকিল নজরুল ইসলাম কাজল, বাবুল আহাম্মদ, জেসমিন আক্তারসহ অন্যান্য অভিভাকরা। 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান এ বিষয়ে বাংলা বলেন, ‘আমরা আগে দুই মাসের নিয়েছি। এবার চেয়েছিলাম তিন মাসের। অভিভাবকরা টিউশন ফি মওকুফ চাচ্ছেন। আমরা এখন এক মাসের টিউশন ফি নেবো। যারা আগে টিউশন ফি এর বেশি দিয়েছেন এবং যারা দেননি আমরা তাদেরটা সমন্বয় করবো। এক মাসের বেশি এখন নেবো না।’

সূত্র: Bangla Tribune

No comments

Powered by Blogger.