পুলওয়ামা হামলার অভিযোগপত্র দাখিল, মূল অভিযুক্ত মাসুদ আজহার
বিদেশ ডেস্ক ।। গত বছর কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার জম্মুর বিশেষ আদালতে পাঁচ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে মূল অভিযুক্ত করা হয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে। তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন তার ভাই রউফ আসগরও। এই মামলায় মোট অভিযুক্ত করা হয়েছে ২০ জনকে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। ওই হামলার পরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ভারত।
মঙ্গলবার পুলওয়ামা হামলার ঘটনায় দাখিল করা অভিযোগপত্রে পকিস্তানি নাগরিক ছাড়াও বেশ কয়েক জন ভারতীয় নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি সদস্যদের আশ্রয়ের ব্যবস্থাসহ অন্যান্য সহযোগিতার আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ভারতের এনআইএ’র ডিআইজি সোনিয়া নারাং জানান, অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তৃত তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে।
এনআইএ’র শীর্ষ কর্মকর্তা সোনিয়া নারাং জানান, অভিযোগপত্রে হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের সঙ্গে জইশ-ই-মোহাম্মদের নেতা রউফ আসগরের যোগাযোগের বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়েছে। হামলায় নিহত আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার এবং তাকে বিস্ফোরক সরবরাহকারী জইশ কমান্ডার উমর ফারুক ও কামরানের নাম রয়েছে অভিযোগপত্রে। এবছর এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছে এই দুই জন
সূত্র: বাংলা ট্রিবিউন

No comments