Header Ads

Header ADS

কুমিল্লায় ব্রিজ ভেঙে খালে!

 

কুমিল্লা ।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। খরা মৌসুমে খাল খনন করায় এবং গত কয়েকদিনের পাহাড়ি ঢলের পানির চাপে ব্রিজের খুঁটির নিচের মাটি সরে যায়। রবিবার দুই পাশ থেকে ভেঙে সোমবার (২৪ আগস্ট) পুরো ব্রিজটি খালে ধসে পরে। ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় মিয়া বাড়ির সংলগ্ন ব্রিজটির খুঁটির নিচ থেকে মাটি সরে গিয়ে খালে ধসে পরে। এ ঘটনায় চান্দলা মিয়া বাড়ি, খলিফাপাড়া, চরের পাথর, নোয়াপাড়া, লালখারসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।


স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জাকির হোসেন খান জানান, পানি উন্নয়ন বোর্ড ইচ্ছামতো খাল খনন করার সময় এলাকাবাসীসহ আমরা ব্রিজের গোড়ার মাটি খনন করতে নিষেধ করেছিলাম। খননকারীরা আমাদের কথায় কোনও আমল দেয়নি। ভেকু মেশিন দিয়ে ব্রিজের গোড়ার মাটি কেটে সরিয়ে নেয়। বর্তমানে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানিতে পুরো ব্রিজটি খালে ধসে পড়ে। এতে আশপাশের এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়।


এলাকার একাধিক ব্যক্তি জানান, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণে আজ এই ব্রিজটি ধসে পরেছে। যার ফলে এখন কয়েক হাজার মানুষের হাট বাজারে ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে ব্রিজটি উপযোগী করে তোলার আহবান জানাচ্ছি।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, চান্দলা এলাকায় ব্রিজ ধসে খালে পড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। সরেজমিনে আমার প্রতিনিধি পঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপজেলা প্রকল্প বস্তবায়ন দফতরের মাধ্যমে পুনরায় ব্রিজটি নির্মানের বিষয়ে প্রক্রিয়া চলছে।


 সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.