কমলা হ্যারিসের চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি: ট্রাম্প
বিদেশ ডেস্ক ।। আবারও ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তার চেয়েও খারাপ। ট্রাম্প আরও দাবি করেছেন, ভারতীয় বংশোদ্ভূত কমলার চেয়ে ভারতীয়দের কাছে তিনি বেশি জনপ্রিয়। ভারতের সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। আর তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস। এ দুই প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প।
শুক্রবার (১৪ আগস্ট) নিউ ইয়র্ক বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে্য বক্তব্য দিতে গিয়ে আবারও বাইডেন ও কমলাকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন তবে সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ বিলোপ করতে তিনি আইন পাস করবেন। কমলা হ্যারিসতো তার চেয়েও খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি।’
ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করবেন। পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘এ লোকটি (বাইডেন) আপনাদের মান-মর্যাদা ছিনিয়ে নিচ্ছে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকতে পারবে না।’
সূত্র:Bangla Tribune

No comments