Header Ads

Header ADS

রাজস্থানে কংগ্রেস সরকারই বহাল রইল রাজস্থানে কংগ্রেস সরকারই বহাল রইল


বি‌দেশ ডেস্ক ।। আগ্রহের ফানুস চুপসে গিয়েছিল দিনকয়েক আগেই, যেদিন এক মাসের টালবাহানা দূর করে গান্ধী পরিবারের সঙ্গে শান্তি বৈঠকে যোগ দেন রাজস্থানের ‘বিদ্রোহী’ কংগ্রেস নেতা শচিন পাইলট। সেদিনই নির্ধারিত হয়ে যায় রাজস্থানের কংগ্রেস সরকারের ভাগ্য।


আজ শুক্রবার বিধানসভার অধিবেশনের চমক বলতে কিছুই প্রায় ছিল না বললেই হয়। প্রত্যাশিতভাবে আস্থা ভোটে জিতে পরবর্তী ছয় মাসের জন্য সরকার বহাল থাকার সাংবিধানিক ছাড়পত্র আদায় করে নিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আস্থা প্রস্তাব পাস হলো ধ্বনি ভোটে।


জয়ের পরেই মুখ্যমন্ত্রী গেহলট বলেন, বিজেপি সরকার দখলে চক্রান্তের শেষ রাখেনি। দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, বিজেপির তখন একমাত্র লক্ষ্য বিরোধীদের সরকার দখল করা। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের বাড়া ভাতে ছাই ফেলেছি।


বিজেপি ঠিক করেছিল অনাস্থা প্রস্তাব আনবে। মুখ্যমন্ত্রী গেহলট সে সুযোগ না দিয়ে নিজেই আস্থা ভোট গ্রহণের প্রস্তাব পেশ করেন। বিতর্ক শেষে বিকেলে ধ্বনি ভোটে প্রস্তাব পাশ হয়। বিএসপির ৬ সদস্যকে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা সবাই ট্রেজারি বেঞ্চেই বসেছিলেন। যদিও বদল করা হয় পাইলটের আসন।


উপমুখ্যমন্ত্রী হিসেবে এত দিন পাইলটের আসন ছিল গেহলটের পাশেই। কিন্তু তাঁর আসন নির্দিষ্ট হয় দ্বিতীয় সারির ধারে যার পর থেকেই শুরু বিরোধীদের আসন। অবস্থান ও আসন বদলের এই বিষয় নিয়ে বিরোধীরা ব্যঙ্গ করলে পাইলট বলেন, ‘আমার আসন দেখছি বিরোধীকুলের পাশেই। এটাই স্বাভাবিক। কেননা, সেরা সেনাদেরই সব সময় সীমান্তে পাঠানো হয়।’ এক মাস দিল্লিতে কাটানো প্রসঙ্গের উত্থাপনও তিনি করেন মজার ঢংয়ে। রাহুল-প্রিয়াঙ্কার নাম না করে তাঁদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, ‘দিল্লিতে ডাক্তার দেখিয়ে এসেছি। এখন আর কোনো সমস্যা নেই।’


রাজস্থান পর্ব কংগ্রেস রাজনীতিতে রাহুল-প্রিয়াঙ্কা জুটির অবস্থান আরও দৃঢ় করল। সরকারের পতন ঠেকাতে প্রিয়াঙ্কার সঙ্গে শেষ মুহূর্তে রাহুলও যোগ দেন। পাইলটের সঙ্গে আলোচনার পথ প্রশস্ত হয়। রাজস্থানের জয় কংগ্রেসের মনোবল যতটা বাড়িয়ে তুলল, ততটাই প্রশ্নের মুখে টেনে আনল অমিত শাহর ‘অপ্রতিরোধ্য’ বিশেষণকে। কংগ্রেস বোঝাতে পারল, অমিত শাহর ইচ্ছাই সব সময় শেষ কথা নয়। তিনি অজেয় নন।


এখন দেখার, কোন শর্তে গেহলট-পাইলট সমঝোতা হলো। মুখ্যমন্ত্রিত্ব পেতে পাইলটের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও কীভাবে মেটে।


Source প্রথম আলো


No comments

Powered by Blogger.