গাজীপুরে পিকআপ উল্টে ২ ফেরিওয়ালা নিহত
গাজীপুর ।। গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ উল্টে দুই ফেরিওয়ালা নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার কমলাকান্দা থানার মহিসাসুরা এলাকার সাকের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) এবং নেত্রকোনার দুর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে আমির হোসেন (৩০)। তারা দু’জন ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিস বিক্রি করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘ঢাকা থেকে পিকআপটি গাজীপুরের মাওনা যাচ্ছিল কাঁঠাল আনতে। পথে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে আনোয়ার হোসেন ও আমির হোসেন মাওনা যাওয়ার উদ্দেশে পিকআপে ওঠেন।
পিকআপটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ও আমির হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আনোয়ার হোসেন ও আমির হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তারা ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিস বিক্রি করতেন। পিকআপটি থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’
সূত্র: বাংলানিউজ২৪

No comments