Header Ads

Header ADS

চিত্রশিল্পী মুর্তজা বশীর হাসপাতালে


দেশ ডেস্ক ।। অসুস্থ চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয়েছে।


তার মেয়ে মুনীরা বশীর জানান, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন তার বাবা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।


শুক্রবার সকালে মুনীরা বলেন, “বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। বাবা দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন; তার অসমাপ্ত কাজগুলো যেন সম্পন্ন করতে পারেন।”


৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।


বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি।


বাংলাদেশে বিমূর্ত বাস্তবতার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ ছাড়াও বেশকিছু উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে।


‘রক্তাক্ত ২১শে’ শিরোনামে ভাষা আন্দোলন নিয়ে ‘লিনোকাট’ মাধ্যমে একটি চিত্রকর্ম রয়েছে তার। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন।


‘টাটকার রক্তের ক্ষীণরেখা’ শিরোনামে একটি বইতে নিজের লেখা কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশ করেছেন মুর্তজা বশীর। ১৯৭৯ সালে প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস ‘আলট্রামেরিন’। মুদ্রা ও শিলালিপি নিয়েও তিনি গবেষণা করেছেন।


চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর; স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে।


সূত্র: বিডি নিউজ ২৪


No comments

Powered by Blogger.